৮৫৭ কোটি টাকার আত্মসাত ও অর্থপাচারের মামলায় এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে। সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার ফিরোজ হোসেনকে আজই আদালতে হাজির করা হবে।
এর আগে, গত ১৭ আগস্ট ক্ষমতার অপব্যবহার করে ঋণ অনুমোদনের মাধ্যমে ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ মোট ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
এই মামলার আরেক আসামি, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গত ১ অক্টোবর গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আজ গ্রেপ্তার ফিরোজ হোসেন এই মামলার দ্বিতীয় গুরুত্বপূর্ণ আসামি।
দুদকের মামলার এজাহারে বলা হয়েছে, এক্সিম ব্যাংকের “মদিনা ডেটস অ্যান্ড নাটস” নামে একটি প্রতিষ্ঠানের অসম্পূর্ণ ঋণ প্রস্তাব যাচাই-বাছাই ছাড়াই অনুমোদন করা হয়। কোনো সম্ভাব্যতা যাচাই, স্টক রিপোর্ট বা পর্যাপ্ত জামানত ছাড়াই ক্ষমতার অপব্যবহার ও যোগসাজশে বিপুল অর্থ আত্মসাত করা হয়েছে।
তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ সালের ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ সালের ৪(২) ও ৪(৩) ধারা অনুযায়ী মামলা করা হয়েছে।
দুদক জানিয়েছে, তদন্তের স্বার্থে অভিযুক্তদের প্রত্যেককে একে একে আইনের আওতায় আনা হবে।