প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের পদযাত্রা: পুলিশি বাধায় থেমে স্মারকলিপি দিল প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫

ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি উপস্থাপন করতে রাজধানীর পল্টন থেকে পদযাত্রা শুরু করে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। তবে মৎস ভবনের সামনে এসে পুলিশ তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়। পরে একটি প্রতিনিধিদল যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা শাপলা চত্বরে জড়ো হন। সেখান থেকে পল্টন অভিমুখে পদযাত্রা শুরু হয়।

দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—  জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন সংক্রান্ত আদেশ জারি, নভেম্বর মাসে গণভোট আয়োজন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেফতার বন্ধ, নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা,  ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

পল্টনে পৌঁছে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “প্রধান উপদেষ্টা যদি নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন না করেন, তবে জনগণের আকাঙ্ক্ষা পূরণে আপনি যে সম্মান অর্জন করেছেন, তা নিজেই হারাবেন।”

এরপর সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার উদ্দেশে স্মারকলিপি দিতে নেতাকর্মীরা হেঁটে যমুনার দিকে রওনা হন।

তবে মৎস ভবনের সামনে পুলিশি বাধায় মূল পদযাত্রা থেমে যায়। সেখান থেকে আট দলের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল যমুনায় গিয়ে স্মারকলিপি প্রদান করে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা