প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশে বন্ধ্যত্ব চিকিৎসায় আইভিএফ হাসপাতাল করতে চায় তুরস্ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫

বাংলাদেশে বন্ধ্যত্ব চিকিৎসায় এখনও সরকারি কোনো বিশেষায়িত হাসপাতাল নেই। সাম্প্রতিক বছরগুলোতে বেসরকারি উদ্যোগে ২৫টিরও বেশি আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) সেন্টার গড়ে উঠেছে, তাতে সাফল্য মিললেও অনেক দম্পতি এখনো চিকিৎসার জন্য বিদেশমুখী হচ্ছেন—বিশেষ করে ভারত ও সিঙ্গাপুরে।

সম্প্রতি চিকিৎসার গন্তব্য হিসেবে তুরস্কের প্রতি আগ্রহ বাড়ছে। এই প্রেক্ষাপটে তুরস্কের ওকান ইউনিভার্সিটি হাসপাতাল বাংলাদেশে বন্ধ্যত্ব চিকিৎসার জন্য বিশেষায়িত আইভিএফ হাসপাতাল স্থাপনে আগ্রহ জানিয়েছে।

সূত্র জানায়, আমেরিকা ও জার্মানিসহ একাধিক দেশে হাসপাতাল পরিচালনা করছে ওকান ইউনিভার্সিটি হাসপাতাল। বাংলাদেশে তারা এ প্রকল্পটি বাস্তবায়ন করবে টার্কিশডক নামে তুরস্ক সরকারের অনুমোদিত একমাত্র মেডিকেল ট্যুরিজম কোম্পানির মাধ্যমে। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের শেষ দিকে হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হতে পারে।

টার্কিশডক সূত্রে জানা গেছে, হাসপাতাল স্থাপনে প্রায় ১০০ কোটি টাকার বিনিয়োগ করা হবে। প্রাথমিক দুই বছর তুরস্কের অভিজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে কাজ করবেন, প্রশিক্ষণ দেবেন, এবং প্রযুক্তি হস্তান্তর করবেন। এরপর ধীরে ধীরে হাসপাতালটি বাংলাদেশি বিশেষজ্ঞদের দ্বারাই পরিচালিত হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ২০২৩ সালের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রায় ১৭.৫ শতাংশ দম্পতি বন্ধ্যত্ব সমস্যায় ভুগছেন। বাংলাদেশে এ হার প্রায় ১৬.৫ শতাংশ, তবে সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই।

ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. রাশিদা বেগম বলেন, “বাংলাদেশে প্রতি তিনজন বন্ধ্যত্ব সমস্যায় আক্রান্ত দম্পতির একজন বিদেশে চিকিৎসা নিতে যান।”

প্রতি বছর প্রায় ১০ লাখের বেশি বাংলাদেশি রোগী বিদেশে যান চিকিৎসার জন্য, যার বড় অংশই বন্ধ্যত্ব চিকিৎসা নিতে যান। ভারতে ও সিঙ্গাপুরে এ চিকিৎসার খরচ গড়ে ২৫–৩০ লাখ টাকা হলেও, তুরস্কে তা ৮–১০ লাখ টাকায় সম্ভব বলে জানিয়েছে টার্কিশডক।

টার্কিশডকের কান্ট্রি হেড এম. নুরুজ্জামান রাজু বলেন, “দেশে আইভিএফ সেন্টার বেড়েছে, অনেক ভালো কাজও হচ্ছে। কিন্তু সক্ষমতার ঘাটতি থাকায় বিপুল পরিমাণ অর্থ এখনো দেশের বাইরে চলে যাচ্ছে। আমরা চাই এই টাকাটি দেশেই থাকুক।”

তিনি আরও জানান, দুটি তুর্কি বেসরকারি প্রতিষ্ঠান ইতোমধ্যে নীতিগতভাবে বিনিয়োগে সম্মত হয়েছে। ভবিষ্যতে বোনম্যারো ও লিভার ট্রান্সপ্ল্যান্টসহ জটিল চিকিৎসা চালুর পরিকল্পনাও রয়েছে।

টার্কিশডকের প্রধান নির্বাহী ফাইক গকসু বলেন, “গত দুই দশকে তুরস্ক স্বাস্থ্যসেবায় বিশ্বমান অর্জন করেছে। আমরা চাই সেই অভিজ্ঞতা ও প্রযুক্তি বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করতে। শুধু চিকিৎসা নয়, জ্ঞান, প্রযুক্তি ও নৈতিক মানদণ্ড স্থানান্তরেও আমরা অংশীদার হতে চাই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে অবকাঠামো ভালো, কিন্তু বিশেষজ্ঞ জনবল, ইনফেকশন কন্ট্রোল ও আধুনিক সার্জারি প্রোটোকলে ঘাটতি রয়েছে। আমরা চাই তুরস্কের ‘জিরো ইনফেকশন সার্জিক্যাল মডেল’ বাংলাদেশে প্রয়োগ করতে—যাতে রোগীরা নিরাপদ, দ্রুত ও সাশ্রয়ী চিকিৎসা পান।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা