রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে, গত ২৯ আগস্ট শাহবাগ থানায় দায়ের করা একই মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।
জামিনের আদেশে সন্তোষ প্রকাশ করেছেন লতিফ সিদ্দিকীর আইনজীবী ও তার ভাই, বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, তারা এই জামিনের বিরুদ্ধে আপিল করবে।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত ‘মঞ্চ–৭১’ সংগঠনের এক অনুষ্ঠান থেকে লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন (২৯ আগস্ট) আদালত ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।