চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) রাতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন— রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন রুবেল এবং বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল।
আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমনের বুকে গুলি লাগায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে কয়েকজন মোটরসাইকেলে করে এসে এলাকায় গুলি চালায়। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের দাবি, তারা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবর খন্দকারের অনুসারী, এবং এই হামলা নাকি দলের আরেক নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের হাতে সংঘটিত।
তবে পুলিশ এখনো হামলার সঠিক কারণ বা দায়ীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন।