প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্পে বড় ধাক্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫

দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ নির্মাণ প্যাকেজের ঠিকাদারি চুক্তি বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সম্প্রতি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর কাছে পাঠানো দুটি পৃথক চিঠিতে এই সিদ্ধান্ত জানায়।

 

প্রকল্প পরিচালক মো. আফতাব হোসাইন স্বাক্ষরিত ওই চিঠিগুলো গত রবি ও সোমবার জাইকার বাংলাদেশ অফিসে পৌঁছায়। ডিএমটিসিএলের ৭১তম বোর্ড সভার সিদ্ধান্তের ভিত্তিতেই এই চিঠি দেওয়া হয়।

 

চিঠিতে জানানো হয়, ডিপিপি (প্রকল্প উন্নয়ন প্রস্তাব) অনুযায়ী নির্ধারিত মূল্যের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি দর দাবি করায় ঠিকাদারদের সঙ্গে চুক্তি বাতিলের প্রস্তাব করা হচ্ছে। তবে কত শতাংশ বেশি হলে সেটি “অতিরিক্ত” হিসেবে গণ্য হবে, তা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

 

বাতিলের প্রস্তাব পাওয়া দুটি প্যাকেজ হলো সিপি-২ ও সিপি-৫।সিপি-২: রূপগঞ্জে ডিপো অবকাঠামো ও ভবন নির্মাণের কাজ, ঠিকাদার চীনের সিনোহাইড্রো।সিপি-৫: নর্দা থেকে নতুন বাজার পর্যন্ত টানেল ও স্টেশন নির্মাণ কাজ, ঠিকাদার জাপানের কাজিমা করপোরেশন।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুখ আহামেদ বলেন,“চিঠি দেওয়ার উদ্দেশ্য মূলত নেগোশিয়েশনের সুযোগ তৈরি করা। ঠিকাদার যদি ব্যয় কমাতে রাজি হয়, তাহলে তাদের কাজ চালু থাকবে; না হলে পুনঃদরপত্র আহ্বান করা হবে।”

তিনি আরও জানান, ২০১৯ সালের দরের সঙ্গে বর্তমান বাজারদর তুলনা করলে ৩০% পর্যন্ত বৃদ্ধি স্বাভাবিক, কিন্তু ৫০% এর বেশি হলে তা অযৌক্তিক ধরা হবে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে পাতাল মেট্রোরেলের অবকাঠামো নির্মাণ শুরু হয়। প্রথম পর্যায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিপো নির্মাণকাজ উদ্বোধন করা হয়। লক্ষ্য ছিল ২০২৬ সালের ডিসেম্বরে কাঞ্চন থেকে কমলাপুর পর্যন্ত ট্রেন চালু করা। তবে বাস্তবে গত এক বছরে দৃশ্যমান অগ্রগতি হয়নি।

ডিএমটিসিএলের সর্বশেষ সভার নথি অনুযায়ী, এমআরটি লাইন-১ ও লাইন-৫ (উত্তর)—দুটি প্রকল্পই ধীরগতিতে চলছে। ২০২৬ সালে লাইন-১ এবং ২০২৮ সালে লাইন-৫ শেষ হওয়ার কথা থাকলেও বেশিরভাগ কাজই এখনো শুরু হয়নি।

যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েট অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন,“চুক্তি বাতিলের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এতে বিনিয়োগ ও কূটনৈতিক সম্পর্ক—দুই দিকই বিবেচনা করতে হবে। ব্যয় কতটা বাড়ছে ও কেন বাড়ছে—তা বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।”

নাম: এমআরটি লাইন-১ (কাঞ্চন–কমলাপুর)

দৈর্ঘ্য: ৩১.২৪ কিমি (১৯.৮৭ কিমি ভূগর্ভস্থ, ১১.৩৭ কিমি উড়াল)

মোট ব্যয়: ৫২,৫৬১ কোটি টাকা

অর্থায়ন: জাইকা ৩৯,৪৫০ কোটি, বাংলাদেশ সরকার ১৩,১১১ কোটি টাকা

সরকারি সূত্রে জানা গেছে, আগের প্রশাসনের কিছু চুক্তি নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের অনিশ্চয়তা রয়েছে। এজন্য নতুন করে অর্থায়ন কাঠামো ও শর্ত পুনর্বিবেচনার বিষয়টি আলোচনায় আছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা