প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নিউইয়র্ক, নিউজার্সি ও ভার্জিনিয়া নির্বাচনে ডেমোক্র্যাটদের দারুণ জয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অনুষ্ঠিত প্রথম গুরুত্বপূর্ণ তিনটি নির্বাচনে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীরা ব্যাপক জয় পেয়েছেন। যদিও এসব নির্বাচনে ট্রাম্প সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেননি, তবে রিপাবলিকান প্রার্থীদের প্রতি তার প্রকাশ্য সমর্থন ও প্রতিপক্ষদের কটাক্ষের কারণে এই ভোটগুলোকে ট্রাম্পের জনপ্রিয়তার পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল।

মঙ্গলবার অনুষ্ঠিত নিউইয়র্কের মেয়র এবং নিউজার্সি ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে ট্রাম্পের প্রার্থীরা পরাজিত হন। সিএনএন বিশ্লেষণ অনুযায়ী, এই ফলাফল প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বড় রাজনৈতিক পরীক্ষায় এক প্রকার ব্যর্থতা নির্দেশ করছে।

নিউইয়র্ক শহরের ১১১তম মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। আফ্রিকায় জন্মগ্রহণকারী দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই রাজনীতিক শহরটির প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস গড়লেন।

তিনি স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে হারিয়ে এই বিজয় নিশ্চিত করেন।

ট্রাম্প আগে থেকেই প্রকাশ্যে মামদানির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং নির্বাচিত হলে নিউইয়র্কের জন্য ফেডারেল তহবিল আটকে দেওয়ার হুমকিও দিয়েছিলেন।

নিউজার্সির গভর্নর পদে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মাইকি শেরিল।

তিনি রিপাবলিকান প্রার্থী ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জ্যাক সিয়াতারেল্লিকে হারিয়ে রাজ্যের ইতিহাসে প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন।

ভার্জিনিয়ায় গভর্নর নির্বাচনে বিজয়ী হয়েছেন সাবেক কংগ্রেস সদস্য ও প্রাক্তন সিআইএ কর্মকর্তা এবিগেইল স্প্যানবার্গার।

তিনি রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসাম আর্ল-সিয়ার্সকে পরাজিত করেন।

স্প্যানবার্গারের নির্বাচনী প্রচারে প্রধান বিষয় ছিল জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

এই তিন রাজ্যই ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাট-সমর্থিত বা ‘ব্লু স্টেট’। তবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প তুলনামূলক ভালো ফল করেছিলেন। এবারকার ফলাফল দেখাচ্ছে, ভোটাররা পুনরায় ডেমোক্র্যাটদের প্রতি আস্থা ফিরিয়ে দিচ্ছেন।

একই দিনে ক্যালিফোর্নিয়ায় গভর্নর গেভিন ন্যুসামের প্রস্তাবিত নির্বাচনী ম্যাপ পরিবর্তনের উদ্যোগেও ভোটাররা সমর্থন জানাচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ফলাফল আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা