প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জনতার হাতে আটক বিষধর খইয়া গোখরা উদ্ধার করল বন্যপ্রাণী সংরক্ষণ দল

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫

জামালপুরের সরিষাবাড়ীতে জনতার হাতে আটক একটি বিষধর খইয়া গোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও শেরপুর বন বিভাগ। বুধবার (৫ নভেম্বর) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী হেনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে কৃষক শিমুল মিয়া মাঠে ঘাস কাটার সময় ধানক্ষেতের আইলে সাপটি দেখতে পান। মুহূর্তেই বিষধর খইয়া গোখরা তাঁকে ধাওয়া করে। শিমুলের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা দেখে সাপটি শফিকুল মোল্লার পুকুরে নামছে।

 

সাহসিকতার সঙ্গে দোলন মিয়া ও মন মিয়া জীবনের ঝুঁকি নিয়ে সাপটির মাথা ও লেজ ধরে বস্তায় ভরে ফেলেন। পরে সেটি হেনার মোড় এলাকার রবিউল ইসলামের কাঠের দোকানের বারান্দায় রাখা হয়। খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সাপটি দেখতে ভিড় করেন।

 

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বাংলাদেশ বন্যপ্রাণী সুরক্ষা ও উদ্ধার দল (WSRT BD)-এর প্রতিনিধি আদনান আলম খান স্থানীয় সাংবাদিক ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সাপটি উদ্ধারের উদ্যোগ নেন।

পরবর্তীতে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকারের নেতৃত্বে চার সদস্যের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

উদ্ধারকারী আদনান আলম খান বলেন,“দোলন মিয়া ও মন মিয়া যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে সাপটিকে জীবিত ধরেছেন, তা সত্যিই প্রশংসনীয়। তাদের কারণে সাপটি বেঁচে গেছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ বন্যপ্রাণী সুরক্ষা ও উদ্ধার দল আহত বা বিপদগ্রস্ত বন্যপ্রাণী উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করতে কাজ করছে।”

উদ্ধারকারী দল জানিয়েছে, সাপটির বয়স আনুমানিক ৬ থেকে ৭ বছর।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা