রাজধানীর খুচরা বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম লাফিয়ে বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিল ৭৫ থেকে ৮৫ টাকার মধ্যে।
বুধবার (৫ নভেম্বর) রাজধানীর মিরপুর, ফার্মগেট তেজতুরী বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেটসহ বিভিন্ন স্থানে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
মিরপুর-২ নম্বরের খুচরা বিক্রেতা আমিরুল ইসলাম বলেন, “আগে পাইকারি বাজার থেকে ৭৫ টাকায় পেঁয়াজ কিনতাম, এখন কিনতে হচ্ছে ৯৮ থেকে ১১০ টাকায়। ফলে খুচরায়ও দাম বাড়াতে হয়েছে।”
মিরপুরের আরেক বিক্রেতা কবির হোসেন জানান, “এখন প্রতি কেজি পেঁয়াজ ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। কৃষকের কাছ থেকে পেঁয়াজ না পাওয়ায় দাম আরও বাড়বে।”
বাজারে আসা ক্রেতারা বলছেন, দামের এই অস্বাভাবিক বৃদ্ধি তাদের দৈনন্দিন জীবনে বাড়তি চাপ তৈরি করছে। ক্রেতা ইসরাফিল আলমের মন্তব্য, “দুই সপ্তাহ আগেও ৮০ টাকায় পেঁয়াজ কিনেছি, এখন ১২০ টাকায়! এমন দামবৃদ্ধি অযৌক্তিক।”
বাজারে ঘুরে দেখা গেছে, পাইকারি আড়তগুলোতে মজুদ বেড়েছে, কিন্তু মূল্যতালিকা অনুপস্থিত। বেশিরভাগ দোকানে দাম লেখা বোর্ড দেখা যায়নি।
পাবনা ট্রেডার্সের মালিক নাজমুল হোসেন জানান, “বাইরে থেকে আমদানি না হওয়ায় দাম বেড়েছে। তবে মুরিকাটা পেঁয়াজ বাজারে আসা এবং আমদানি শুরু হলে দাম কমবে।”
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, পেঁয়াজের অতি মুনাফা রোধে সারাদেশে মনিটরিং জোরদার করা হয়েছে। পাশাপাশি, বাণিজ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (৬ নভেম্বর) পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসবে।
বৈঠকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।