পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলা এলাকায় বিপুল পরিমাণ স্বর্ণের মজুত আবিষ্কারের দাবি উঠেছে। এই আবিষ্কারকে দেশটির অর্থনীতির জন্য “গেমচেঞ্জার” হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
পাকিস্তান ফেডারেশন অব চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সাবেক সিনিয়র সহসভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গওহর সোমবার (৩ নভেম্বর) করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান।
হানিফ গওহর জানান, আবিষ্কৃত স্বর্ণভাণ্ডারের সম্ভাব্য মূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলার, যা দিয়ে পাকিস্তানের সব বিদেশি ঋণ পরিশোধ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, বিষয়টি ইতোমধ্যেই বিশেষ বিনিয়োগ সহায়তা কাউন্সিল (এসআইএফসি) এবং পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের (এসবিপি) গভর্নরের নজরে আনা হয়েছে। তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ব্যবসায়ী এই নেতা জানান, খননকাজ শুরুর প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়া ও কানাডার দুটি আন্তর্জাতিক ড্রিলিং কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। সরকারের অনুমোদন পেলেই স্বর্ণ উত্তোলনের কাজ শুরু করা হবে।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই স্বর্ণভাণ্ডার সত্য প্রমাণিত হলে পাকিস্তানের অর্থনৈতিক সংকট নিরসনে তা ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে।