রাজধানীর বাড্ডার বড় টেক এলাকায় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে আল-আমিন (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার (৫ নভেম্বর) বিকেল চারটার দিকে। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আল-আমিনের বাড়ি বরিশালের হিজলা থানার আবুল হোসেনের বাড়ি। কাজের সুবাদে তিনি ওই নির্মাণাধীন ভবনেই অবস্থান করছিলেন।
আল-আমিনের ভাই নজরুল ইসলাম জানান, “আমার ভাই রড মিস্ত্রির কাজ করতো। বিকেলে কাজের সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।”
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”