ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দাবি–আপত্তি নিষ্পত্তির পর আগামী ১৮ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
তবে নতুন ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির সুযোগ আর না থাকলেও, ভোটার এলাকা পরিবর্তন বা ঠিকানা স্থানান্তরের সুযোগ থাকছে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।
ইসির নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্মকর্তারা ১৭ নভেম্বরের মধ্যে এসব আবেদন অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত দেবেন। মঙ্গলবার (৪ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠি উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন ও তার নিষ্পত্তির বিস্তারিত সময়সূচি অনুমোদন দিয়েছে কমিশন। ভোটারদের ১৩ নম্বর ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে।
এদিকে, প্রবাসী ভোটারদের আবেদন নিষ্পত্তির জন্যও নির্দেশনা দিয়েছে ইসি। ৬ নভেম্বরের মধ্যে প্রবাসী ভোটার নিবন্ধনের তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে বলে জানানো হয়েছে।
ইসি সূত্র জানায়, প্রবাসে থাকা যেসব বাংলাদেশি নাগরিকের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন হয়েছে, তাদের তথ্য যাচাই করে মাঠপর্যায়ে তদন্ত শেষে প্রতিবেদন পাঠাতে হবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে।
উল্লেখ্য, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।