স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি ও মাদক। এই দুটো যদি আমরা দূর করতে পারি, সমাজ অনেকটা বদলে যাবে। মাদক এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে, তাই সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”
বুধবার (৫ অক্টোবর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কৃষি উৎপাদন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “গাজীপুর একটি হ্যাপেনিং সিটি। এখানে প্রতিদিন বহু ঘটনা ঘটে, তবে সব ঘটনাই সত্য নয়। সাংবাদিকদের উচিত—যা সত্য তা প্রকাশ করা, আর মিথ্যা খবর হলে তা স্পষ্ট করে বলা। এতে সমাজ ও প্রশাসন—উভয়েরই উপকার হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। দেশে নির্বাচনের বিষয়ে কোনো হুমকি নেই। গাজীপুরে পুলিশের সংখ্যা তুলনামূলকভাবে কম, তবে নতুন নিয়োগ ও অতিরিক্ত পুলিশ দেওয়া হচ্ছে। নির্বাচনের সময় নিরাপত্তা আরও জোরদার করা হবে।”
আওয়ামী লীগের জামিনপ্রাপ্ত নেতাকর্মীদের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যারা জামিনে মুক্তি পেয়ে পুনরায় অপরাধে জড়াবে, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আদালত স্বাধীনভাবে কাজ করছে, তবে অপরাধে ছাড় দেওয়া হবে না।”
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা সত্য খবর প্রকাশ করলে দেশে গুজব অনেক কমে যায়। পার্শ্ববর্তী দেশ থেকে কোনো মিথ্যা প্রচারণা এলে সত্য তুলে ধরে জনগণকে সচেতন করুন।”
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়াসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।