চলতি ২০২৫-২৬ অর্থবছরের সেপ্টেম্বর মাসে কিছুটা বাড়লেও অক্টোবর মাসে এসে আবারও দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কমেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ১৭ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ।
মূলত খাদ্যপণ্যের দাম কিছুটা কমায় অক্টোবরের সামগ্রিক মূল্যস্ফীতি নিম্নমুখী হয়েছে, যদিও খাদ্যবহির্ভূত পণ্যের দাম বেড়েছে। পাশাপাশি, শহরে জীবনযাত্রার ব্যয় গ্রামাঞ্চলের তুলনায় বেশি রয়ে গেছে।
বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত মাসিক ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিবিএসের তথ্যমতে, গত বছরের একই সময়ে অর্থাৎ ২০২৪ সালের অক্টোবর মাসে গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। এক বছরের ব্যবধানে তা কমে দাঁড়িয়েছে প্রায় ২ দশমিক ৭ শতাংশ পয়েন্টে।
মূল্যস্ফীতি ৮ দশমিক ১৭ শতাংশ মানে হলো— গত বছরের অক্টোবর মাসে যে পণ্য ১০০ টাকায় কেনা যেত, এ বছরের অক্টোবর মাসে তা কিনতে লেগেছে ১০৮ টাকা ১৭ পয়সা।
বিবিএস আরও জানায়, গত অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ১০ শতাংশেরও বেশি। তবে চলতি অর্থবছরের বাজেটে সরকার মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে। সে লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে। কিন্তু বর্তমানে মূল্যস্ফীতি সেই লক্ষ্যমাত্রার অনেক ওপরে থাকায় এ লক্ষ্য অর্জন চ্যালেঞ্জিং হয়ে উঠছে।
অক্টোবরে দেশে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ০৮ শতাংশে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। গত বছরের একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৬৬ শতাংশ—অর্থাৎ বছরে প্রায় সাড়ে ৫ শতাংশ কমেছে খাদ্যপণ্যের দাম।
অন্যদিকে, খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য বেড়ে হয়েছে ৯ দশমিক ১৩ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ।
এ মাসে শহরের তুলনায় গ্রামাঞ্চলে মূল্যস্ফীতির চাপ কিছুটা কম। অক্টোবর মাসে গ্রামাঞ্চলে গড় মূল্যস্ফীতি ৮ দশমিক ১৬ শতাংশ, আর শহরে তা ৮ দশমিক ৩৩ শতাংশ।
গ্রামাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ ও অখাদ্য পণ্যে ৯ দশমিক ৪১ শতাংশ। অন্যদিকে শহরে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়ায় ৭ দশমিক ৪৫ শতাংশ এবং অখাদ্য পণ্যে ৮ দশমিক ৫১ শতাংশ।
অর্থনীতিবিদদের মতে, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দামের সামান্য পতন ও অভ্যন্তরীণ বাজারে কিছু পণ্যের সরবরাহ বাড়ায় এই স্বল্পমাত্রার উন্নতি দেখা দিয়েছে। তবে স্থিতিশীল মুদ্রানীতি ও বাজার তদারকি জোরদার না হলে মূল্যস্ফীতি আবারও বাড়তে পারে।