প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপির সঙ্গে আসন সমঝোতার খবর মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫

বিএনপির কাছে ২০টি আসন ও মন্ত্রিসভায় অংশীদারিত্ব চাওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (৫ নভেম্বর) এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “৫ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্যা’ শিরোনামের প্রতিবেদনটি সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতার উদাহরণ। এনসিপি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট, আসন সমঝোতা বা ক্ষমতা ভাগাভাগি সংক্রান্ত আলোচনা করেনি। দলীয় নীতি নির্ধারণী পর্ষদেও এমন কোনো প্রস্তাব উত্থাপিত হয়নি।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার, জবাবদিহিতা ও গণতান্ত্রিক পুনর্গঠনের রাজনীতিতে বিশ্বাসী। দেশের ভবিষ্যৎ রাজনীতি হবে দায়িত্বশীল ও সংস্কারভিত্তিক রাজনীতি, যেখানে এনসিপি একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের গড়ে তুলছে।

এনসিপি বলেছে, উক্ত সংবাদে প্রকাশিত তথাকথিত ‘সূত্র’ পুরোপুরি অনুমাননির্ভর এবং তা সাংবাদিকতার মৌলিক নীতিমালা লঙ্ঘন করেছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং সাধারণ জনগণ বিভ্রান্ত হয়েছে।

দলটি বিভ্রান্তিকর তথ্য প্রকাশের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের কাছে প্রকাশ্যে দুঃখপ্রকাশ ও সংশোধনী প্রকাশের দাবি জানিয়েছে।

শেষে এনসিপি পুনর্ব্যক্ত করে, “আমরা কোনো দলের কাছে আসন বা মন্ত্রিসভায় অংশীদারিত্ব চাইনি। জনগণের আস্থায় একটি বাংলাদেশপন্থী ও দায়িত্বশীল রাজনৈতিক শক্তি গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা