দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৫ জন, উত্তর সিটি করপোরেশন এলাকায় ৩ জন এবং খুলনা ও বরিশাল বিভাগে ১ জন করে রয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ৭৫ হাজার ৯৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৭১ হাজার ৪৮৭ জন, যা মোট আক্রান্তের প্রায় ৯৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ৩০২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসা নিয়ে ৯৫৮ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক বলে জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা মশার প্রজননস্থল ধ্বংস ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন।