চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়ন না পেয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানের সমর্থকরা। বুধবার (৫ নভেম্বর) সকালে তারা চাঁদপুর–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে তীব্র উত্তেজনা ও ধাওয়া–পাল্টাধাওয়ার পরিস্থিতি তৈরি হয়। এতে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অপরদিকে, মনোনয়ন পাওয়া সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের সমর্থকরা অবস্থান নেন আল-মদিনা হাসপাতাল এলাকায়। এ সময় সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়, ফলে পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, “বিএনপির ত্যাগী নেতা এমএ হান্নান দীর্ঘদিন কারাবন্দি থেকে দলের জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন। অথচ তাকে উপেক্ষা করে বহিরাগতকে মনোনয়ন দেওয়া হয়েছে—এটা আমরা মেনে নেব না।”
তারা হুঁশিয়ারি দেন, এমএ হান্নানকে মনোনয়ন না দিলে ফরিদগঞ্জে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
অন্যদিকে, লায়ন হারুনুর রশিদের সমর্থক নাছির পাটোয়ারী বলেন, “আমাদের নেতা দলের দুর্দিনের কর্মী ও নিবেদিত সংগঠক। তিনি দলের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ মনোনয়ন পেয়েছেন। বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা বিএনপির আদর্শের অনুসারী নয়।”
বিক্ষোভের কারণে ৪ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, “বিক্ষুব্ধ কর্মীদের শান্ত করার চেষ্টা চলছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে, ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন রয়েছে।”