প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আট ইসলামী দল ও এনসিপির সঙ্গে সমমনাভিত্তিক প্রার্থী দেওয়ার ইঙ্গিত জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো আনুষ্ঠানিক জোট নয়, বরং সমমনাভিত্তিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

(৫ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, “আমরা আটটি ইসলামী দলের সঙ্গে আলোচনা করছি। কোনো জোট নয়, সমঝোতার ভিত্তিতেই প্রার্থী দেওয়া হবে—এক দল কোনো আসনে প্রার্থী দিলে, অন্য দল সেখানে প্রার্থী দেবে না।”

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ইসলামী দলগুলোর পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে। “এনসিপির সঙ্গে সরাসরি কথা হয়েছে কি না” জানতে চাইলে তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত আলোচনা পর্যায়ে আছি। ইসলামী দলের বাইরেও সমমনাভিত্তিক কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ চলছে। আমাদের সঙ্গে থাকা দলের সংখ্যা আরও বাড়তে পারে।”

আগামী দিনের কর্মসূচি প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, “আগামীকাল আমরা প্রধান উপদেষ্টার কাছে গণভোট আয়োজনের দাবিতে স্মারকলিপি দেব। তবে সরকার যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটি সম্মান করব।”

তিনি আরও জানান, বর্তমানে জামায়াতে ইসলামী বিভিন্ন দাবিতে আন্দোলন চালাচ্ছে এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তফসিল ঘোষণার পর নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা