প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে বিলুপ্ত হলো পাঁচ বেসরকারি ইসলামী ব্যাংকের পর্ষদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫

একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত কার্যকর করে।

এর আগে গত ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করার অনুমোদন দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, এই পাঁচ ব্যাংক মিলে একটি নতুন ইসলামী বাণিজ্যিক ব্যাংক গঠিত হবে।

নতুন ব্যাংকের প্রস্তাবিত নাম হিসেবে বিবেচনা করা হচ্ছে — ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ এবং ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’। ব্যাংকটি পেশাদার ও বাণিজ্যিকভাবে পরিচালিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

৯ অক্টোবর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এর সভাপতিত্বে তেজগাঁওয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম জানান, একীভূত প্রক্রিয়ায় কোনো কর্মকর্তা-কর্মচারী চাকরি হারাবেন না, এবং আমানতকারীদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।

নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা, যার মধ্যে ৩৫ হাজার কোটি টাকা হবে পরিশোধিত মূলধন। সরকার ২০ হাজার কোটি টাকা মূলধন দেবে—এর অর্ধেক নগদে এবং বাকি অংশ সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে তোলা হবে।

সুকুক হলো শরিয়াহভিত্তিক বন্ড, যা সুদনির্ভর বন্ডের বিকল্প। এছাড়া ১৫ হাজার কোটি টাকার প্রাতিষ্ঠানিক আমানত বেইল-ইন প্রক্রিয়ার মাধ্যমে শেয়ারে রূপান্তর করা হবে, যা পরবর্তীতে ফেরত দেওয়া হবে।

প্রাথমিকভাবে নতুন ব্যাংকটি রাষ্ট্রমালিকানাধীন থাকবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে এর মালিকানা বেসরকারি খাতে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা