প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে: লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫

দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায়, সরকারের নির্ধারিত রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। এমনটি জানিয়েছেন সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে সেনাবাহিনীর কার্যক্রম-সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা আশা করি, নির্বাচনের মাধ্যমে দেশের স্থিতিশীলতা আরও উন্নত হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে।”

তিনি আরও জানান, সরকার এখন পর্যন্ত নির্বাচনের যে রূপরেখা প্রণয়ন করেছে, সেনাবাহিনী তার ভিত্তিতেই যথাযথ প্রস্তুতি গ্রহণ করছে। প্রশিক্ষণ কার্যক্রমেও নির্বাচনকালীন দায়িত্বকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে।

জিওসি বলেন, “আমরা প্রশিক্ষণে সবসময় যুদ্ধ প্রস্তুতির ওপর জোর দিই। আমাদের মূলনীতি হলো— ‘উই ট্রেইন অ্যাজ উই ফাইট’। নির্বাচনের সময়ও পেশাদারিত্ব বজায় রেখে আমরা দায়িত্ব পালন করব।”

গত ১৫ মাস ধরে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করছে উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, এ সময়টা সেনাবাহিনীর জন্য ছিল চ্যালেঞ্জপূর্ণ।
তিনি বলেন, “আমরা বেসামরিক প্রশাসনের সহায়তায় দায়িত্ব পালন করছি এবং এটি সহজ পরিস্থিতি নয়। সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। আমরা চাই, নির্বাচনের পর একটি স্থিতিশীল পরিবেশে সেনানিবাসে ফিরতে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা