প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপির সঙ্গে ২০ আসনে সমঝোতা ও মন্ত্রিসভায় অংশগ্রহণ চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য আসন সমঝোতা ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রেখেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটি অন্তত ২০টি আসনে বিএনপির সঙ্গে সমঝোতা করতে চায় এবং বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায় অংশগ্রহণের দাবিও জানিয়েছে।

দুই দলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই আলোচনা এখনো অনানুষ্ঠানিক পর্যায়ে রয়েছে। এনসিপি শেষ পর্যন্ত বিএনপির জোটে যোগ দেবে, নাকি এককভাবে লড়বে—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দলের কয়েকজন নেতা ব্যক্তিগতভাবে জামায়াতে ইসলামীর সঙ্গেও যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

বিএনপির একাধিক সূত্র জানায়, এনসিপির নেতারা আসন ভাগাভাগির পাশাপাশি রাজনৈতিক নিরাপত্তার নিশ্চয়তাও চান। তাদের প্রস্তাব—বিএনপি ক্ষমতায় গেলে তিনজন এনসিপি নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে। তবে বিএনপি এখনো সে বিষয়ে চূড়ান্ত প্রতিশ্রুতি দেয়নি।

অন্যদিকে, এনসিপি ঢাকায় চারটি আসনসহ ২০ আসনে সমঝোতার আগ্রহ জানিয়েছে। বিএনপি চায়, এনসিপি যেন জামায়াতে ইসলামী বা ধর্মভিত্তিক কোনো জোটে না যায়।

দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, জামায়াত এনসিপিকে আরও বেশি সুবিধা দিতে চাইলেও, নেতৃত্বের একটি বড় অংশ চায় দলটি মধ্যপন্থি ভাবমূর্তি ধরে রাখুক এবং ডানপন্থি ইমেজ থেকে দূরে থাকুক।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা একমত, তাদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হতে বা সমঝোতায় যেতে প্রস্তুত।”

দলটি ইতোমধ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে—যেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান ও তাসনিম জারা সেক্রেটারি হিসেবে দায়িত্বে আছেন।

নির্বাচনে অংশ নিতে নাহিদ ইসলাম ঢাকা-১১, সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ বা চাঁদপুর-৫, তাসনিম জারা ঢাকা-৯, আর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ঢাকা-১৪ আসন থেকে লড়ার প্রস্তুতি নিচ্ছেন।

উত্তরাঞ্চলে সারজিস আলম পঞ্চগড়-১, দক্ষিণে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ এবং আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে এক সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম জানান, “আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে যদি আমাদের সংস্কার ও জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল একমত হয়, তাহলে জোটের বিষয়টি বিবেচনা করব।”

তিনি আরও বলেন, ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে।
বেগম খালেদা জিয়া যে আসনগুলো থেকে প্রার্থী হতে পারেন, সেই আসনগুলোতে এনসিপি প্রার্থী দেবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা