প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ দেশে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আবারও আকাশছোঁয়া স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫

দেশের বাজারে আজ বুধবার (৫ নভেম্বর) থেকে স্বর্ণের নতুন দর কার্যকর হয়েছে। সর্বশেষ সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। তাই সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে বলে জানানো হয়।

এর আগে গত ৩০ অক্টোবর বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৬১৩ টাকা কমিয়ে ২ লাখ ৯৬ টাকায় নির্ধারণ করেছিল, যা কার্যকর হয় ৩১ অক্টোবর থেকে।

চলতি বছর এখন পর্যন্ত ৭৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৫০ বার বেড়েছে এবং ২৩ বার কমেছে। গত বছর (২০২৪ সালে) স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল ৬২ বার, যেখানে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।

অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা, এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত ৯ বার রুপার দামের সমন্বয় করা হয়েছে—এর মধ্যে বেড়েছে ৬ বার এবং কমেছে ৩ বার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা