প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আমবাগ বাবুর্চি মোড় এলাকার একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা স্টেশনের আরও দুটি ইউনিট যুক্ত হয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।

স্থানীয়দের মতে, গোডাউনটিতে বিপুল পরিমাণ দাহ্য ঝুটজাত পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়, তবে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সৌভাগ্যক্রমে, কোনো প্রাণহানি ঘটেনি।

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, “চারটি ইউনিট দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”

তিনি আরও বলেন, “ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা