প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের পাঁচজনের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী ঢালায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা না গেলেও পুলিশ জানিয়েছে, তারা সম্ভবত কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, “চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান এবং আরও কয়েকজন আহত হন।”

তিনি আরও বলেন, “দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে।”

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, পরে পুলিশ যানবাহন সরিয়ে দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা