প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাকির নায়েক যে কারণে ঢাকায় আসছেন না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের বাংলাদেশ সফর আপাতত স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় তার দু’দিনের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তবে মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়— নির্বাচনের আগে তার সফর অনুমোদন দেওয়া হবে না।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাকির নায়েক ঢাকায় এলে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হতে পারে, যা নিয়ন্ত্রণে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন প্রয়োজন হবে। কিন্তু নির্বাচনী প্রস্তুতির কারণে বর্তমানে সে পরিমাণ জনবল মোতায়েন সম্ভব নয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচন শেষে পরিস্থিতি অনুকূল হলে তার সফরের অনুমতি বিবেচনা করা যেতে পারে।

সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ বিভিন্ন গোয়েন্দা ও প্রশাসনিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা