নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাতজন নেতাকর্মীকেও আটক করা হয়।
বুধবার (৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
জানা গেছে, ঝুমা তালুকদার আওয়ামী লীগের দুর্গাপুর উপজেলা শাখার মহিলাবিষয়ক সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। তিনি তিনবারের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে।
উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে নৌকার প্রার্থীকে পরাজিত করেছিলেন তিনি।
পরবর্তীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন ঝুমা তালুকদার।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ঝুমা ও অন্যান্যদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।