প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টেকনাফে সেতুর নিচ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙিখালী এলাকায় সেতুর নিচ থেকে বিএনপির এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) সকালে রঙিখালী এইচ কে আনোয়ার প্রজেক্ট এলাকার প্রধান সড়কের একটি সেতুর নিচে মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহতের নাম মো. ইউনুছ (৪৫)। তিনি সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে ছড়ার পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখা যায়। তার পরনে ছিল শুধু প্যান্ট, গায়ে কোনো পোশাক ছিল না।
পরিবার জানায়, মঙ্গলবার রাত থেকে ইউনুছ নিখোঁজ ছিলেন। দীর্ঘ সময় যোগাযোগ না পেয়ে খোঁজাখুঁজি চলছিল, অবশেষে সকালে তার মরদেহের খবর পায় পরিবারটি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন,
“সেতুর নিচে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা