প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা করল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড ইস্যুতে জালিয়াতির অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলম সারওয়ারকে পাঁচ কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিএসইসির ৯৮০তম কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। কমিশনের পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড’-এর নাম ব্যবহার করে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা হয়। ১৫০০ কোটি টাকা অভিহিত মূল্য ও ১০০০ কোটি টাকা ইস্যু মূল্যের এ বন্ডের জামিনদার ছিল আইএফআইসি ব্যাংক, আর অ্যাডভাইজার ও অ্যারেঞ্জার হিসেবে কাজ করেছে আইএফআইসি ইনভেস্টমেন্ট। প্রকৃতপক্ষে রিয়েল এস্টেট কোম্পানি শ্রীপুর টাউনশিপ (এসটিএল) বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করে।

তবে বন্ডটির বিজ্ঞাপনে ‘আইএফআইসি আমার বন্ড’ নাম ব্যবহার করায় বিনিয়োগকারীরা ভুল ধারণা পোষণ করেন যে এটি আইএফআইসি ব্যাংকের নিজস্ব বন্ড। এই বিভ্রান্তির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করা হয়, যা বিনিয়োগ আইন লঙ্ঘন ও প্রতারণামূলক কর্মকাণ্ডের শামিল বলে মন্তব্য করেছে বিএসইসি।

এর আগে, গত ৩০ জুলাই অনুষ্ঠিত ৯৬৫তম কমিশন সভায় বিএসইসি এই বন্ড জালিয়াতির ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। তখন ব্যবসায়ী ও আওয়ামী লীগের সাবেক এমপি সালমান এফ রহমান এবং বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবন নিষিদ্ধ করা হয়।

এছাড়া সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানকেও আজীবন নিষিদ্ধ করা হয়। বিএসইসির সাবেক কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদ এবং আইএফআইসি ইনভেস্টমেন্টের সাবেক সিইও ইমরান আহমেদকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

একই সভায় সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা, আহমেদ সায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা এবং ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ইমার্জিং ক্রেডিট রেটিংকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা