প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কুমিল্লা-৬ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা ইয়াছিনের সমর্থকদের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

কুমিল্লা-৬ (সদর–সিটি করপোরেশন–সেনানিবাস–সদর দক্ষিণ) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাখ্যান করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীরা। তারা মনোনয়নকে “অবৈধ” আখ্যা দিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে শতাধিক নেতাকর্মী ও সমর্থক মশাল হাতে মিছিল শুরু করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ইয়াছিনের সমর্থকরা এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন—“ভাইস্যা আসা নমিনেশন, মানি না মানবো না”, “এই কুমিল্লার মাটি, ইয়াছিন ভাইয়ের ঘাঁটি”, “সিন্ডিকেটের নমিনেশন, মানি না মানবো না” এবং “রক্তে আগুন লেগেছে” ইত্যাদি।

মাগরিবের নামাজের পর শুরু হওয়া এই মিছিলের কারণে নগরীর কান্দিরপাড়সহ আশপাশের এলাকায় যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৭টা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, “গত ১৭ বছর ধরে দলের সংকটে পাশে থেকেছি। আমার কর্মীরা আমাকে সর্বদা পাশে পেয়েছে। কিন্তু এবার হাইকমান্ড হয়তো আমার বিষয়ে সঠিক বার্তা পায়নি। আমার নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করলেও, তারা বিএনপিরই অংশ। আমি আশা করছি দল সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবে।”

এর আগের রাতে, সোমবার (৩ নভেম্বর) কুমিল্লা নগরীর পূবালী চত্বরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ইয়াছিনের সমর্থকরা। পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় অবরোধ সৃষ্টি করে। মঙ্গলবার সকালেও ফের অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হলেও পরে তা স্থগিত করা হয়।

প্রসঙ্গত, সোমবার বিকেলে বিএনপি সারাদেশে ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করে। এর মধ্যে কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন, মনিরুল হক চৌধুরী এবং দলের বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু। অন্যদিকে, এই আসনে বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা