প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারত ও বাংলাদেশের ভিসা জালিয়াতির আশঙ্কায় গণহারে ভিসা বাতিলের ক্ষমতা নিতে যাচ্ছে কানাডা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

কানাডা সরকার গণহারে ভিসা বাতিলের ক্ষমতা অর্জনের উদ্যোগ নিয়েছে। এর পেছনে মূল কারণ হিসেবে ভারত ও বাংলাদেশের ভিসা জালিয়াতির আশঙ্কা উল্লেখ করা হয়েছে। বিষয়টি উঠে এসেছে সিবিসি নিউজের হাতে আসা কানাডা সরকারের অভ্যন্তরীণ নথিতে।

নথি অনুযায়ী, ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC), কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (CBSA) এবং মার্কিন অংশীদাররা মিলে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। এই দলটি মূলত ভিসা জালিয়াতি শনাক্ত, যাচাই ও বাতিলের কাজ করবে। উপস্থাপনায় ভারত ও বাংলাদেশকে “দেশভিত্তিক চ্যালেঞ্জ” হিসেবে উল্লেখ করা হয়েছে।

সরকারি নথিতে আরও বলা হয়েছে, গণহারে ভিসা বাতিলের ক্ষমতা প্রয়োগ করা হতে পারে মহামারি বা যুদ্ধের সময়ের মতো বিশেষ পরিস্থিতিতে, এবং তা নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ক্ষেত্রেই সীমিত থাকবে।

এই প্রস্তাবটি প্রথমে বিল সি–২-এর অংশ হিসেবে উত্থাপিত হয়, যা পরবর্তীতে বিল সি–১২ নামে পৃথকভাবে সংসদে তোলা হয়েছে। সরকার দ্রুত এ আইন পাস করাতে আগ্রহী হলেও, ৩০০–রও বেশি সিভিল সোসাইটি সংগঠন এর তীব্র বিরোধিতা করছে।

বিশ্লেষকদের মতে, আবেদনপত্রের অতিরিক্ত চাপ মোকাবিলার কৌশল হিসেবেও সরকার এই ক্ষমতা প্রয়োগ করতে চায়। নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের মে মাসে ভারতীয় নাগরিকদের আশ্রয় (অ্যাসাইলাম) আবেদন যেখানে মাসে ৫০০-এর কম ছিল, ২০২৪ সালের জুলাইয়ে তা বেড়ে প্রায় ২ হাজারে পৌঁছায়।

এছাড়া, ভারত থেকে আসা অস্থায়ী ভিসা যাচাইয়ের সময়ও বেড়েছে—২০২৩ সালের জুলাইয়ে গড় প্রসেসিং সময় ছিল ৩০ দিন, ২০২৪ সালে তা দাঁড়ায় ৫৪ দিনে। অনুমোদনের সংখ্যা কমে গেছে জানুয়ারির ৬৩ হাজার থেকে জুনে ৪৮ হাজারে।

২০২৪ সালের গ্রীষ্মে ভারতে বিমান বোর্ডিং নিষেধাজ্ঞার (No Board) ঘটনাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। জুলাইয়ের শেষে ১,৮৭৩ জন আবেদনকারীকে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ ও আইনি নোটিশ পাঠানো হয়।

তবে ভারত ও বাংলাদেশকে কেন আলাদা করে চিহ্নিত করা হয়েছে—এই প্রশ্নে কানাডার অভিবাসন বিভাগ কোনো সরাসরি মন্তব্য করেনি।

অন্যদিকে, কানাডা এখন ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগে রয়েছে। ২০২৩ সালে শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততার অভিযোগে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। তবে ২০২৪ সালের জুনে জি–৭ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কানাডা সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের ইচ্ছা প্রকাশ করেন। পরে আগস্টে উভয় দেশ নতুন হাইকমিশনার নিয়োগ দেয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা