প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

গাজীপুর মহানগরীর পুবাইল আক্কাস মার্কেট এলাকায় রেল লাইনে হাঁটতে গিয়ে জামালপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের তথ্যমতে, বিকেলের দিকে ওই ব্যক্তি ঢাকা-জয়দেবপুর রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে আসলে তিনি সরে যেতে পারেননি। ফলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুবাইল রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ঢাকা জোন রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, “নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।”

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুর্ঘটনাটি অবচেতনভাবে রেল লাইনে হাঁটার সময় ঘটেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা