পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত সুপ্রিম কোর্ট ভবনে সিলিন্ডার ও এসি প্ল্যান্ট বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আলী নাসির রিজভি জানান, মূল বিস্ফোরণটি ঘটে আদালত ভবনের বেসমেন্টে অবস্থিত একটি ক্যান্টিনে। ওই ক্যান্টিনের পাশে থাকা সেন্ট্রাল এসি প্ল্যান্টে মেরামত কাজ চলাকালীন সময়ে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, যার ধাক্কায় এসি সিস্টেমেও আগুন ধরে যায় এবং পরবর্তীতে দ্বিতীয় বিস্ফোরণ হয়।
তিনি আরও বলেন, আহতদের মধ্যে বেশ কয়েকজন এসি মেকানিক রয়েছেন। এদের মধ্যে একজনের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে, যার অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণটি ছিল অত্যন্ত শক্তিশালী, যার কম্পনে পুরো সুপ্রিম কোর্ট ভবন কেঁপে ওঠে। আদালতের চলমান শুনানিগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং উপস্থিত সবাই নিরাপদে ভবনের বাইরে চলে আসে। বিস্ফোরণের ফলে ভবনের ৬ নম্বর ব্লক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।
সুপ্রিম কোর্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে, বিস্ফোরণের পর মঙ্গলবারের সব মামলার শুনানি স্থগিত করা হয়েছে। তবে আগামীকাল বুধবার থেকে আদালতের নিয়মিত কার্যক্রম শুরু হবে।