প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী ও শিক্ষাবিদ অধ্যাপক মতলুব আলী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

বরেণ্য চিত্রশিল্পী, শিক্ষাবিদ, শিল্পসমালোচক ও গণসংগীতকার অধ্যাপক মতলুব আলী (বাবলু) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। (৪ নভেম্বর)  রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শিল্পী মতলুব আলীর স্ত্রী, গিটারশিল্পী রেহানা মতলুব (রেখা) জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে পথেই তিনি মৃত্যুবরণ করেন।

অধ্যাপক মতলুব আলী ছিলেন বাংলাদেশের চারুকলা আন্দোলনের অগ্রযাত্রীদের একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন এবং উদীচী শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা। ১৯৭১ সালে স্বাধীনতার প্রাক্কালে তার লেখা গান ‘লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়’ মুক্তিকামী মানুষের কণ্ঠে প্রেরণার সুর হয়ে বেজেছিল।

১৯৪৬ সালে রংপুরের মুন্সীপাড়া (মাদরাসা রোড) এলাকায় জন্মগ্রহণ করেন মতলুব আলী। রংপুর জিলা স্কুল থেকে ১৯৬৩ সালে মাধ্যমিক ও কারমাইকেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ১৯৮৭-৮৮ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং সেখানেই অধ্যাপনা শুরু করেন।

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মানবতার বার্তা তার শিল্পকর্মে গভীরভাবে প্রতিফলিত হয়েছে। তার ক্যানভাসে স্বাধীনতা, মানবতা, দারিদ্র্য ও সংগ্রামী জীবনের চিত্র ফুটে উঠেছে বারবার।
তেলরঙে আঁকা ‘রাজারবাগ একাত্তরে’, কালি-কলমে আঁকা ‘শহিদ মুক্তিযোদ্ধার বীরাঙ্গনা বোনে’, জলরঙে আঁকা ‘শহিদ মুক্তিযোদ্ধার প্রত্যাবর্তনে’, ‘মানব সন্তানে’, ‘দুই বালকে’— এসব ছবিতে প্রকাশ পেয়েছে তার দেশপ্রেম, বেদনা ও সৃজনশীল মানবিকতা।

তার আকস্মিক প্রয়াণে চারুকলা অঙ্গনসহ সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা