মুক্তিযোদ্ধা কোটা সুবিধা পেতে নিজের চাচাকে পিতা হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনের ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, “নাচোলের ইউএনও কামাল হোসেন মুক্তিযোদ্ধা কোটায় সুযোগ পেতে তার চাচাকে পিতা হিসেবে পরিচয় দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলছে, এবং সত্যতা যাচাইয়ে ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
দুদক সূত্রে জানা গেছে, ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয়ে চাকরি ও বিভিন্ন সরকারি সুবিধা গ্রহণের একাধিক মামলা ও তদন্ত বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এর ধারাবাহিকতায় কামাল হোসেনের বিষয়ে পারিবারিক সম্পর্কের বৈধতা নিশ্চিত করতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নেয় কমিশন।
এর আগে, গত বছরের ২৬ ডিসেম্বর প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ইউএনও কামাল হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সময় তিনি নিজের জন্মদাতা পিতা-মাতা মো. আবুল কাশেম ও মোছা. হাবীয়া খাতুনের নাম পরিবর্তন করে চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব এবং চাচি মোছা. সানোয়ারা খাতুনের নাম ব্যবহার করেন।
এর মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি, সরকারি চাকরি ও বিভিন্ন সুবিধা অর্জন করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।
দুদকের অনুমোদন অনুযায়ী, ইউএনও কামাল হোসেন, তার জন্মদাতা পিতা-মাতা ও চাচা-চাচির ডিএনএ পরীক্ষা করা হবে। আদালতের অনুমতি সাপেক্ষে শিগগিরই এ পরীক্ষা সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।