প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশজুড়ে সড়কে রক্তের বন্যা: তিন জেলায় প্রাণ গেল ১০ জনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও অন্তত ৩১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) নোয়াখালী, হবিগঞ্জ ও টাঙ্গাইলে এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে।

দুপুরে কবিরহাট উপজেলার জামতলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও একজন গুরুতর আহত হন। স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী গাড়ি রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের কদমতলী এলাকায় এনা পরিবহন ও রিয়েল কোচ নামের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু এবং ৩০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করে আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

অন্যদিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা চালক রহিজ সিকদার ও যাত্রী রশিদ আব্দুল হামিদ নিহত হন।

স্থানীয়রা জানান, ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি বাসের সামনে চলে আসে, ফলে সেটি চাপা পড়ে। আহতদের কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

একই দিনে দেশের তিন জেলায় ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় দুর্বল যানবাহন নিয়ন্ত্রণ, অতিরিক্ত গতি ও অসাবধানতাকে মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয়রা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা