শরীয়তপুরের গোসাইরহাটে পুকুরে মাছ ধরার সময় বৈদ্যুতিক মোটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলার কোদালপুর ইউনিয়নের বকাউলপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—একই ইউনিয়নের দেওয়ানপাড়া গ্রামের নূরে আলম মোল্লা (৪০) এবং আলমগীর দপ্তরী (৫২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতের দিকে তারা দুজন পুকুরের পানি বৈদ্যুতিক মোটরের সাহায্যে সেচে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। ভোরে মাছ ধরতে নেমে বিদ্যুতের সংস্পর্শে আসায় ঘটনাস্থলেই তারা দুজন মারা যান।
পরবর্তীতে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত নূরে আলমের ছেলে নিরব জানান, “বাবা রাতে আলমগীর কাকার সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন। সকালে গিয়ে দেখি দুজনেই মাটিতে পড়ে আছেন। এরপর মেইন সুইচ বন্ধ করে সবাই মিলে হাসপাতালে নিয়ে যাই।”
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফীন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বৈদ্যুতিক মোটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না এলেও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।