প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এটাই হয়তো আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পোস্টে মির্জা ফখরুল লেখেন, “মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও দলের সকল নেতা–নেত্রী এবং কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সারাজীবন যারা আমার সঙ্গে ছিলেন, তাদের প্রতি গভীর ধন্যবাদ জানাই।”

তিনি বলেন, “আমরা যারা রাজনীতি করেছি, জেলে গেছি, তাদের প্রত্যেকেরই একটি গল্প আছে। আমি যখন ১৯৮৭ সালে রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিই, তখন আমার মেয়েরা ছোট, স্ত্রীও তরুণী ছিলেন। তিনি প্রথমে ভীষণ অবাক হয়েছিলেন—কী অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছি!”

তার স্ট্যাটাসে আরও উঠে আসে ব্যক্তিগত জীবনের ত্যাগের গল্প। “আমার বড় মেয়ের একবার অপারেশন হচ্ছিল, আমি তখন ঢাকার পথে গাড়িতে রাত কাটিয়েছিলাম। মসজিদে বসে দোয়া করেছিলাম যেন সব ঠিক থাকে,” লিখেছেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, “এই নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। যারা এবার মনোনয়ন পাননি, তারা যেন বিশ্বাস রাখেন—দল আপনাদের যোগ্য সম্মান ও দায়িত্ব দেবে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবসময় জনগণের পাশে থাকব।”

তার এই আবেগঘন পোস্ট ছড়িয়ে পড়ার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও অনুপ্রেরণা দেখা দিয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী উত্তাপও আরও বেড়ে গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা