প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: কার্যালয় ভাঙচুর, আহত অনেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনয়ন ঘিরে দলটির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে গাংনী বাজার এলাকায় এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিএনপি মনোনয়ন ঘোষণার পর থেকেই মেহেরপুর-২ আসনে উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আমজাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

আমজাদ হোসনের অভিযোগ, “মনোনয়ন বঞ্চিত সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের অনুসারীরা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এতে আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।”

তবে আব্দুল আউয়ালের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, মিল্টনপন্থীরা অভিযোগ করেছেন যে আমজাদপন্থীরা প্রথমে উত্তেজনা সৃষ্টি করে হামলা চালায়।

জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন বলেন, “ঘটনাটি দুঃখজনক ও অপ্রত্যাশিত। আমি পরে বিষয়টি শুনেছি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।”

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, “ধাওয়া-পাল্টা ধাওয়ার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা