প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট এখন চালু করা হয়েছে। ছোটখাটো যেসব প্রযুক্তিগত সমস্যা ছিল, সেগুলো দ্রুত সমাধান করা হবে।”

তিনি আরও জানান, সভায় মাদক নিয়ন্ত্রণ, আসন্ন জাতীয় নির্বাচন, সীমান্ত পরিস্থিতি ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারে করণীয় ও বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর ঘটে যাওয়া কিছু ঘটনাও আলোচনায় এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক বক্তব্যের প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, “অনলাইনে অনেক সময় যাচাইবাছাইহীন তথ্য ছড়ানো হয়, যার সত্যতা থাকে না। তবে সাংবাদিকদের প্রতিবেদন সাধারণত নির্ভরযোগ্য। তাই মিডিয়া কর্মীদের অনুরোধ করবো, আপনারা সত্য তথ্য প্রচার করুন এবং কোনো সন্দেহ থাকলে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করুন।”

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা