প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাবি শিক্ষিকার বিরুদ্ধে মানহানির মামলা: বাদী জামায়াতের সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব আকন্দ।

মামলার সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে ড. নাহরিন ইসলাম খান বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গে জামায়াত নেতা অধ্যাপক জাহিদুল ইসলামের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেন। তিনি দাবি করেন, “গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলে তাদের স্ত্রীদের ‘জামায়াতের হক’ বলেছিলেন জাহিদুল ইসলাম।”

উক্ত বক্তব্যের ভিডিও ক্লিপটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তবে পরবর্তীতে ভিডিওটি পর্যালোচনায় দেখা যায়, জামায়াত নেতা তার সাক্ষাৎকারে কোনো অবমাননাকর মন্তব্য করেননি—বরং বলেন, “৫ আগস্টের পরে আওয়ামী লীগের কর্মীরা নানা হয়রানির শিকার হলেও, আমাদের দ্বারা কেউ ভুক্তভোগী হয়নি। বরং তাদের অনেক ভোট আমাদের দিকে আসতে পারে।”

অধ্যাপক জাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, “ড. নাহরিনের বক্তব্য মিথ্যা ও কুরুচিপূর্ণ, যা আমার ব্যক্তিগত মর্যাদা ও জামায়াতে ইসলামীর ভাবমূর্তি নষ্ট করেছে। আমি এমন কোনো মন্তব্য কখনো করিনি।” তিনি আরও বলেন, “এ ধরনের বক্তব্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে।”

মামলাটির বিষয়ে অ্যাডভোকেট আবু তালেব আকন্দ জানান, “আমরা আদালতে ভিডিও ক্লিপসহ সব প্রমাণ উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালত বিষয়টি প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য বিবেচনায় নিয়েছেন।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা