প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফরিদগঞ্জে মনোনয়ন না পেয়ে রাস্তায় বিএনপি কর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের প্রার্থী তালিকায় নাম না থাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. হান্নানের সমর্থকরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তারা উপজেলা শহরের বিভিন্ন সড়কে মিছিল বের করে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এর আগে, সোমবার রাতেও একই দাবিতে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার রাতে চাঁদপুর-৪ আসনে দলের কেন্দ্রীয় রাজস্ব ও ব্যাংক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নাম ঘোষণা করেন। ঘোষণার পরপরই উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. হান্নানের অনুসারীরা রাজপথে নামেন এবং মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, “মামলা, হামলা, নিপীড়নের সময়েও এম.এ. হান্নান নেতাকর্মীদের পাশে ছিলেন। তৃণমূলের নেতাকর্মীদের কাছে তিনি জনপ্রিয় ও দুর্দিনের সাহসী সংগঠক। আমরা চাই কেন্দ্রীয় নেতারা বিষয়টি বিবেচনা করে তার মনোনয়ন পুনর্বহাল করুন।”

এ সময় তারা হুঁশিয়ারি দেন, লায়ন হারুনুর রশিদের প্রার্থিতা বাতিল করে এম.এ. হান্নানকে প্রার্থী ঘোষণা না করা হলে আন্দোলন অব্যাহত থাকবে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, “বিএনপির এক পক্ষ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছিল। কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা