প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মির্জা ফখরুলের আসনে প্রার্থী শিবিরের সাবেক সভাপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. দেলোয়ার হোসেনকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তার প্রার্থিতা নিশ্চিত হওয়ায় ওই আসনে জামায়াতের সাংগঠনিক অবস্থান আরও দৃঢ় হবে বলে মনে করছে স্থানীয় নেতাকর্মীরা।

জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলার তিনটি আসনেই প্রার্থী নির্ধারণ করা হয়েছে। এটি আমাদের নির্বাচনী কৌশলের অংশ।”

দলীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার সৈয়দপুর গ্রামের সন্তান। বালাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করে ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স এবং বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি, ঢাকা থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবনের শুরু ছাত্রশিবিরের মাধ্যমে। তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার সেক্রেটারি (১৯৯৯-২০০০), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি (২০০৭-২০০৯) ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি (২০১২-২০১৩) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এবং জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হন।

দলীয় নেতাদের মতে, দেলোয়ার হোসেন সাংগঠনিক দক্ষতা, জনসেবামূলক কাজ এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে প্রার্থী হিসেবে সর্বসম্মত সমর্থন পেয়েছেন। স্থানীয়দের মতে, তিনি দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত।

তবে তার বিরুদ্ধে প্রায় ২০০টি রাজনৈতিক মামলা চলমান রয়েছে, যা জামায়াতের পক্ষ থেকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করা হয়েছে।
দেলোয়ার হোসেন ২০১২-২০১৩ সালে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকাকালে গ্রেপ্তার হন এবং টানা ৬০ দিনের রিমান্ডে ছিলেন। তাঁর সমর্থকদের দাবি, এই সময় তিনি রাজনৈতিক নিপীড়নের শিকার হন।

তাঁর অনুসারীরা মনে করছেন, “দেলোয়ার হোসেন এলাকার জনপ্রিয়, নির্যাতিত ও নিবেদিতপ্রাণ নেতা”—এমন ভাবমূর্তি তাঁকে নির্বাচনে এগিয়ে রাখবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা