প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ময়মনসিংহে বিএনপির বঞ্চিত প্রার্থীর সমর্থকদের ট্রেন অবরোধে রেলযোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় স্থান না পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছেন মনোনয়নবঞ্চিত প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তারা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেন।

জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে এ অবরোধ শুরু হয়। এতে কিছু সময়ের জন্য নেত্রকোণার মোহনগঞ্জ-ঢাকা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন। তারা যাত্রী ভোগান্তির বিষয়টি বুঝিয়ে বিক্ষোভকারীদের রেললাইন থেকে সরে যেতে অনুরোধ করলে, প্রায় এক ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে হাওর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

বিক্ষোভ চলাকালে সমর্থকরা “হিরণকে চাই” স্লোগান দিয়ে গৌরীপুর আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানান।

গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহমেদ তায়েবুর রহমান হিরণ সম্প্রতি ঘোষিত বিএনপির প্রার্থী তালিকায় স্থান না পাওয়ায় তাঁর অনুসারীরা ক্ষোভ প্রকাশ করে এ বিক্ষোভ আয়োজন করেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, “গৌরীপুর রেলওয়ে স্টেশনে বিক্ষোভকারীরা ট্রেন আটকে রাখে। এতে সাময়িকভাবে মোহনগঞ্জ-ঢাকা রুটের রেল চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা