তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনলেও তা যেন চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই কার্যকর হয়, এমন আবেদন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তিনি এই আবেদন জানান।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, “তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ে গুরুতর অনিয়ম ও প্রতারণা করা হয়েছে। দেশের ভিতরে বা বাইরে যেকোনো আদালতে গেলে এই রায় বাতিল হবে।”
এদিন সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চে আপিল শুনানির সপ্তম দিনের কার্যক্রম শুরু হয়।
এর আগে, ষষ্ঠ দিনের শুনানিতে বিএনপির আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকেই দেশে রাজনৈতিক সংকট ও অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। তাই, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা জরুরি।
এর আগে জামায়াতে ইসলামীর আইনজীবী ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর পক্ষে প্রতিনিধিরাও একই দাবিতে আদালতে আইনি যুক্তি তুলে ধরেন।
গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করেন আপিল বিভাগ এবং আবেদনকারীদের আপিল করার অনুমতি দেন।
এই আবেদনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন যুক্ত আছেন।
উল্লেখ্য, ২০১১ সালে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছিলেন।