প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাতে নাকি সকালে গোসল—কখন বেশি উপকারী? বিজ্ঞান বলছে যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

গোসল করা নিছক দৈনন্দিন অভ্যাস নয়—এটি আমাদের ঘুম, মনোভাব, এমনকি ত্বকের স্বাস্থ্যের ওপরও সরাসরি প্রভাব ফেলে। কখন গোসল করছেন, সেটিই নির্ধারণ করতে পারে আপনি কতটা সতেজ, মনোযোগী বা শান্ত অনুভব করবেন।

হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষক শাহাব হাঘায়েঘ নিজেই ঘুমের সমস্যায় ভুগতেন। নানা ঘুমের ওষুধ ব্যর্থ হওয়ার পর তিনি এক ছোট্ট পরিবর্তন আনেন—সকালের বদলে রাতে গোসল করা শুরু করেন। এর ফলেই তার ঘুমের মানে আসে নাটকীয় পরিবর্তন।

গবেষণায় দেখা গেছে, ঘুমানোর ১ থেকে ২ ঘণ্টা আগে উষ্ণ পানিতে গোসল করলে শরীরের তাপমাত্রা ধীরে ধীরে কমে আসে, যা ঘুমের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এ প্রক্রিয়ায় শরীর ঠাণ্ডা হয় এবং মস্তিষ্ক ঘুমের সংকেত পায়।

বিশেষজ্ঞদের মতে, রাতে ১০ মিনিটের উষ্ণ পানি গোসল শরীরকে আরাম দেয়, মনকে শান্ত করে এবং ঘুমকে গভীর করে।

রাতের গোসল শুধু ঘুম নয়, সৃজনশীল চিন্তা ও মানসিক প্রশান্তিতেও ভূমিকা রাখে। মন যখন চাপমুক্ত থাকে, তখন নতুন ধারণা সহজেই আসে। তাই অনেকে বলেন, স্নানের সময়ই তারা দারুণ কিছু চিন্তা করতে পারেন।

বস্টনের চর্মরোগ বিশেষজ্ঞ ড. রানেলা হিরশ জানান, রাতের গোসল দিনের ধুলা, ঘাম, ও দূষণ দূর করে ত্বককে বিশ্রামের উপযুক্ত করে তোলে। পরিষ্কার ত্বকে ঘুমালে কোষ পুনর্গঠনের প্রক্রিয়া আরও কার্যকর হয়।

অন্যদিকে, সকালে ঠাণ্ডা পানিতে গোসল শরীরকে চাঙ্গা করে তোলে। মনোবিজ্ঞানী শেলবি হ্যারিস বলেন, সকালে গোসল শরীরের কোষগুলোকে সক্রিয় করে, যা মনোযোগ ও কর্মোদ্যম বাড়ায়। ল্যাভেন্ডার বা রোজমেরি সুগন্ধি ব্যবহার করলে মেজাজ আরও প্রফুল্ল হয়।

গবেষণায় প্রমাণিত, সকালে গোসলের পর মানুষ আরও উচ্ছ্বসিত ও উৎপাদনশীল থাকে।

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের জন্য রাতে গোসল সবচেয়ে যুক্তিযুক্ত। আর অফিসগামীদের জন্য সকালে গোসল মানসিক সতেজতা ও পরিচ্ছন্নতার প্রতীক।

আপনার উদ্দেশ্য যদি ভালো ঘুম হয়, তবে রাতে উষ্ণ পানিতে গোসল করুন। আর সকালে শক্তি ও উদ্যম পেতে চাইলে ঠাণ্ডা পানি বেছে নিন।
ঘুম, সৃজনশীলতা, মনোভাব ও ত্বকের যত্ন—সব মিলিয়ে গোসলের সময় বেছে নেওয়াটাও হতে পারে এক ধরনের স্বাস্থ্যচর্চা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা