প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা-১৭ আসনে আবারও নির্বাচনী লড়াইয়ে হিরো আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিতর্কিত ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
আগেও একাধিক নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসা এই সামাজিক যোগাযোগমাধ্যম তারকা এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা-১৭ আসনে, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

হিরো আলম জানিয়েছেন, এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। তবে একাধিক রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করছে বলে জানান তিনি।
তার ভাষায়, “অনেক দলের শীর্ষ নেতার সঙ্গে আলোচনা চলছে। যদি নীতিগত সমঝোতা হয়, কোনো দলে যোগ দিতে পারি; অন্যথায় স্বতন্ত্রভাবেই লড়ব।”

নিজের প্রার্থিতা নিয়ে তিনি বলেন, “আমার কাছে নির্বাচন মানে শুধু জয় নয়—এটা প্রতিবাদের প্রতীক। আমি যেমন আগে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, এবারও করব। মানুষ যেন নির্ভয়ে, উৎসবের পরিবেশে ভোট দিতে পারে—এটাই আমার লক্ষ্য।”

নিজেকে ‘নিম্নবিত্ত শ্রেণির প্রতিনিধি’ হিসেবে পরিচয় দিয়ে হিরো আলম বলেন, “আমি সংসদে যেতে চাই সেই গরিব, প্রান্তিক ও অবহেলিত মানুষের প্রতিনিধি হয়ে, যারা দিনরাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিচ্ছে অথচ রাষ্ট্রীয় সেবায় সবচেয়ে বঞ্চিত।”

তিনি আরও বলেন, “রাজনীতি হওয়া উচিত সেই মানুষদের জন্য, যাদের অধিকার এখনো অধরাই রয়ে গেছে।”

ঢাকা-১৭ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এলাকা জুড়ে রয়েছে ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ।
এই আসনেই এর আগে অনুষ্ঠিত উপনির্বাচনে অংশ নিয়েছিলেন হিরো আলম। সে সময় আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনে হামলার শিকার হয়ে দেশ-বিদেশে আলোচনায় আসেন তিনি।
ঘটনাটির নিন্দা জানিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জাতিসংঘের প্রতিনিধিরা।

এর আগে, ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনেও বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন হিরো আলম। যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিল হলেও পরে আদালতের আদেশে তা ফিরে পান। সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিলেও ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা