আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।
প্রকাশিত তালিকায় বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের দুই উজ্জ্বল তারকা জায়গা পেয়েছেন। তারা হলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি গোলরক্ষক আমিনুল হক এবং সাবেক ফুটবলার ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক মনোনয়ন পেয়েছেন ঢাকা-১৬ আসনে, আর দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ লড়বেন ভোলা-৩ আসনে।
বাংলাদেশের ফুটবলের ইতিহাসে আমিনুল হক ছিলেন এক অনন্য গোলরক্ষক। বিশেষ করে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে তার অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেই জয়ে আমিনুল হয়ে উঠেছিলেন গোটা জাতির গর্ব ও অনুপ্রেরণার প্রতীক।
ফুটবল থেকে অবসর নেওয়ার পর ২০১৩ সালে রাজনীতিতে যোগ দেন আমিনুল। এরপর ধাপে ধাপে বিএনপির ক্রীড়া সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এবং বর্তমানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে হাফিজ উদ্দিন আহমেদ শুধু রাজনীতিতেই নয়, সংসদীয় অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার কারণেও বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।