রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতে পারে, তবে তা যেন বিভাজনে রূপ না নেয়— এমন সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক।
মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে সৌদি আরবে ওমরাহ পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির জানান, এবার এককভাবে নয়, বরং অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
সফর প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন,“আমরা ওমরাহ শেষে যুক্তরাষ্ট্রে যাই এবং সেখানে সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করি। প্রবাসীদের মধ্যে বাংলাদেশের রাজনীতি ও উন্নয়ন নিয়ে বিপুল আগ্রহ লক্ষ্য করেছি। আমি তাদের আশ্বস্ত করেছি— বাংলাদেশ সবার, কারও একার নয়।”
তিনি উল্লেখ করেন, প্রবাসীদের ভোটের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে, এবং এবারও দলটি সেই দাবি পুনর্ব্যক্ত করেছে।
নির্বাচন কমিশনের প্রশংসা করে তিনি বলেন, “প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করার উদ্যোগ একটি ইতিবাচক পদক্ষেপ। তবে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে অনেকেই নিবন্ধিত হতে পারেননি। তাই সময়সীমা অন্তত আরও ১৫ দিন বাড়ানোর দাবি জানাচ্ছি।”
জামায়াত আমির বলেন,“একজন নাগরিকের পরিচয়ের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) ও বৈধ পাসপোর্ট যথেষ্ট হওয়া উচিত। অপ্রয়োজনীয় শর্ত তুলে নিয়ে প্রবাসীদের জন্য প্রক্রিয়াটি সহজ করতে হবে।”