আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে এখনো ৬৩টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়নি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকায় বিএনপি ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নীলফামারী-১ ও ৩, বাগেরহাটের তিন আসনসহ মোট ৬৩ আসনে এখনো প্রার্থী দেয়নি। দলটি জানিয়েছে, এই আসনগুলোর বিষয়ে জোটসঙ্গীদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে মহাসচিব বলেন,“আজ আমরা ২৩৭ আসনের প্রাথমিক তালিকা ঘোষণা করছি। বাকি আসনগুলোতে আমাদের যুগপৎ আন্দোলনের অংশীদার দলগুলোর সঙ্গে আলোচনা করে সমন্বিতভাবে প্রার্থী নির্ধারণ করা হবে। প্রয়োজনে কিছু আসন পরিবর্তনও হতে পারে।”
তিনি আরও জানান, এটি চূড়ান্ত নয় বরং সম্ভাব্য প্রার্থী তালিকা—জোটগত রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে পরে পরিবর্তন আসতে পারে।
এর আগে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশ, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, এলডিপি ও বাংলাদেশ লেবার পার্টি আলাদা আলাদাভাবে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।