বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর মনোনয়ন না পাওয়া নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, “যারা বিএনপির মনোনয়ন পাননি, তারা যদি এনসিপিতে যোগ দেন—আমরা তাদের স্বাগত জানাব।”
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় তরুণ নেতৃত্ব উপেক্ষিত হয়েছে। আমরা ছাত্রদল ও যুবদলের কর্মীদের জন্য এনসিপির দরজা উন্মুক্ত রাখছি। তারা যোগ দিলে আমাদের দলে গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে—আমরা সেটিকে শ্রদ্ধা জানাই। তারেক রহমান দেশে ফিরছেন, আমরা তাকে স্বাগত জানাই। পাশাপাশি আপসহীন নেত্রী খালেদা জিয়াকে তিনটি আসনে প্রার্থী হওয়ায় অভিনন্দন জানাই। এনসিপি ‘জুলাই আন্দোলনের চেতনা’ ধরে রেখে সংস্কারের পথে অগ্রসর হবে।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
“কিছু বড় দল ছোট দলগুলোকে আসনের লোভ দেখিয়ে প্রলুব্ধ করছে। এটি গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট করছে। যদি কোনো বড় দল ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে, জনগণ সেই প্রার্থীদের কখনোই ভোট দেবে না।”
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে নাসীরুদ্দীন বলেন,
“জুলাই সনদের আইনি ভিত্তি আপনাকেই ঘোষণা করতে হবে। আপনি ছাত্র-জনতার প্রত্যাশার প্রতীক—তাই দৃঢ় থাকতে হবে। গণভোটের সিদ্ধান্ত দলীয় মত নয়, বরং জনগণের অভিন্ন মতামতের ভিত্তিতেই নেওয়া উচিত।”